ঢাবি প্রতিনিধি: দেশব্যাপী মাজার এবং ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে ও বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় বহুত্ববাদের প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে 'একতার বাংলাদেশ'।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে উপস্থিত বক্তারা মাজার ও ধর্মীয় স্থাপনায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাফি মোহাম্মদ মুস্তফা বলেন,"বাংলাদেশের ইসলামের সাথে সুফিবাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ১৮৭২ সালের একটি পরিসংখ্যানে দেখা যায় বাংলা ভূখণ্ডে মুসলমানদের সংখ্যা ৪৮% ছিল। একই সময়ে মুসলিম শাসনাধীন দিল্লিতে মুসলমানদের সংখ্যা ছিল ১১ শতাংশ। এর দ্বারা ক্ষমতা কিংবা তরবারির জোরে যে ইসলাম প্রসার লাভ করেনি বিষয়টি স্পষ্ট হয়ে যায়। নিপীড়ন কোনো বিষয়ের সমাধান হতে পারে না" কারো ভুল থাকলে আলোচনার মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করার আহ্বান জানান তিনি। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মাহমুদ বলেন , "স্রষ্টা বহুত্ববাদ সৃষ্টি করেছেন। সুফিদের উদারতা, সবার প্রতি সহনশীলতা মানুষকে মুগ্ধ করেছে। শত বছরের পুরনো মাজারের প্রতি আক্রমণের নিন্দা জানাই" এ বিষয়ে একতার বাংলাদেশের মুখপাত্র তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, "স্বৈরাচার সরকারের সময়ে ধর্মীয় সংস্কৃতি গুলো বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হয়েছে। এর মাধ্যমে পরবর্তী সময়ে ধর্মীয় কার্যক্রম বন্ধের পায়তারা চালানো হয়েছে। তিনি আরো বলেন, ভিন্নমত প্রতিরোধের প্রভাব সবার উপর আসবে। আজ আপনি অন্যকে প্রতিরোধ করলে কাল আপনি মত প্রকাশের সুযোগ পাবেন না" তাহমিদ এসব সহিংসতার দায় সেকুলারদের উপর দিয়ে বলেন "সেকুলাররা এসবের দায় এড়াতে পারবে না। পাঠ্যবইয়ে সৈয়দ ওয়ালিউল্লাহর লালসালু উপন্যাস পড়িয়ে মধ্যবিত্ত শ্রেণির জনমত মাজারের বিপক্ষে তৈরি করা হয়েছে। যার ফলে ভাঙ্গচুরের বিপক্ষে কোনো আওয়াজ আসছে না" তিনি প্রত্যেকটা মতাদর্শসহ বাংলাদেশকে টিকিয়ে রাখার অভিব্যক্তি প্রকাশ করেন। উল্লেখ্য, ফেসবুকে ‘গুলিস্তানে গোলাপ শাহ মাজার ভাঙা কর্মসূচি’ ইভেন্ট তৈরি করে ১১ সেপ্টেম্বর গুলিস্তানের গোলাপ শাহ মাজার ভাঙার হুমকি দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভক্তদের আজ সকাল থেকে মাজারটি ঘিরে রাখতে দেখা যায়। যদিও মাজার ভাঙার কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
0 coment rios: